স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে উচ্চশিক্ষা খাতে এ যাবৎকালের সবচেয়ে বড় গবেষণা তহবিলের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে রাবিপ্রবি একটি গবেষণা প্রকল্প জমা দেয় এবং সেটিই নির্বাচিত হয়ে অর্থায়ন পায়।
বুধবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। এসময় বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং হিট প্রকল্পের সংশ্লিষ্ট গবেষকগণ উপস্থিত ছিলেন।
রাবিপ্রবির পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমাও উপস্থিত ছিলেন।








