শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোন দূর্ঘটনায় নিহত উক্যছাইংয়ের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির রাজস্থলীর সন্তান উক্যছাইং মারমার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো এই শিক্ষার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল রাজস্থলীর বাঙালহালিয়া ইউনিয়নের খ্যংদং মারমাপাড়া শ্মশানে উপস্থিত হয়।

উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবীর নেতৃত্বে প্রতিনিধি দলটি উক্যছাইংয়ের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় নিহত শিক্ষার্থীর বাবা উসাই মং মারমা, মা তেজিপ্রু মারমা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাসহ বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

পরে উক্যছাইংয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন উইং কমান্ডার ফারাবী। তিনি বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, “মাইলস্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এতে আমরা সবাই শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজ আমরা এসেছি বিমান বাহিনীর পক্ষ থেকে উক্যছাইংয়ের পরিবারকে জানাতে যে, আমরা সবসময় তাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “জনগণের সেবায় বাংলাদেশ বিমান বাহিনী অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে।”

প্রসঙ্গত, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী উক্যছাইং মারমা দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২২ জুলাই মারা যান। তার মরদেহ ওই দিনই রাজস্থলীর বাঙালহালিয়ায় নেওয়া হয় এবং ২৩ জুলাই সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ