শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন এবং এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় অত্র অঞ্চলের সম্পদ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বিশেষভাবে কাপ্তাই লেক কেন্দ্রিক মৎস্য উন্নয়ন ও বিপণন বিষয়ক প্রজেক্ট গ্রহণ এবং গবেষণার মাধ্যমে এ সেক্টরের উন্নয়নে বিশ্ববিদ্যালয় এগিয়ে আসার আহবান জানান।

সোমবার দুপুরে রাবিপ্রবি ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ভাইস-চ্যান্সেলর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ক্যাম্পাস পরিদর্শনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। মতবিনিময় সভা শেষে তিনি জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রতীক বিজয় স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন এবং অবকাঠামোগত চলমান নির্মাণ কাজও অবলোকন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং নির্মাণকাজ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে সম্পন্ন করার গুরুত্বে দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)সহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালেই তিনি রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে কাপ্তাই লেকের স্টেকহোল্ডার ও এলাকার সুশীল সমাজের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময়ে তিনি কাপ্তাই লেকের মৎস্য সম্পদ বৃদ্ধি, হ্রদের ড্রেজিং, লেকে মশারী জালের ব্যবহার, কচুরি পানাকে কাজে লাগানো এবং জেলেদের সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মন্ত্রীপরিষদ এ বিষয়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ