স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” — এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে দুর্নীতিপ্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন, সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক ললিত সি চাকমা প্রমুখ।
প্রতিযোগিতায় রাঙামাটি শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট ট্রিজা স্কুল এবং রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রাণবন্ত তর্ক-বিতর্কের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।








