স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ‘নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় প্রতিটি সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন,
“রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আশা প্রকাশ করেন, রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন।
কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা, সমন্বয়, নিরপেক্ষতা এবং পেশাগত আচরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে, রাঙামাটির বাঘাইছড়িতে শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে—জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার আমান উল্লাহর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।








