স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির দুর্গম বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় একটি বন্য হাতির মৃত শাবক দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মঙ্গলবার (২১ অক্টোবর) এ তথ্য জানা যায়।
বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও শাবকটির মা ও আরও কয়েকটি বন্য হাতি তার মৃতদেহের আশপাশে অবস্থান করায় তারা মরদেহ উদ্ধার করতে পারেননি।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান জানান, বিরল প্রজাতির হাতির শাবকটির মৃতদেহ পাওয়া গেছে। তবে কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ শাবকটির মা-সহ একটি বন্য হাতির পাল পাহারা দিচ্ছে। তারা সরে গেলে উদ্ধার অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সোমবার রাতে পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। গভীর পানিতে পড়ে ওঠতে না পেরে তার মৃত্যু হয়। মা হাতি শাবকের মরদেহ পাহারা দিয়ে রাখায় উদ্ধার করা সম্ভব হয়নি।
বন কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।








