স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ি এলাকা থেকে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সন্ত্রাসীকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকিসহ আটক করেছে সেনাবাহিনী। রাঙামাটি সেনা রিজিয়ন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল বগাছড়ি এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছাকাছি এলে সেনাসদস্যদের দেখে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে। সেনাসদস্যরা ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। তাদের তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের দুটি রসিদ উদ্ধার করা হয়েছে।
রাঙামাটি সেনা রিজিয়ন সূত্র জানিয়েছে, আটক সন্ত্রাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।








