শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙামাটির দুর্গম পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ব্যতিক্রমী উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার রূপকারি পাহাড়ি এলাকায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীরা।

এ উপলক্ষে সোমবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অলক বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ- কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ ও সদস্য সচিব নাছির উদ্দিন, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, পৌর তাঁতীদলের সভাপতি খিজির আহম্মদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার বিন নাছির, মাচালং বাজার কমিটির সভাপতি ফুলেশ কারবারি ও রজত বিকাশ চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বিপাশু চাকমা, উপজেলা কৃষক দলের সদস্য মিহির চাকমা, রূপকারি ইউনিয়ন বিএনপির কর্মী আলো বিকাশ চাকমা, সাজেক ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি খুকু মনি চাকমা এবং খেদারমারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমিত কুমার চাকমা প্রমুখ। বক্তারা বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীর অবমূল্যায়নের অভিযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বাহারী বলেন, “পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড প্রদান করা হবে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সুযোগ-সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অলক বিকাশ চাকমা বলেন, “পাহাড়ি জনগোষ্ঠীকে সব সময় অবমূল্যায়ন করা হয়েছে। তবে অবমূল্যায়নের পরও আমরা ধানের শীষে ভোট দেব।” তিনি ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে পাহাড়ি জনগোষ্ঠীর যথাযথ মূল্যায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ