স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে রবিবার (১৩ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্যে দিয়ে বিহার পরিচালনা কমিটির সভাপতি ইন্দ্র কুমার চাকমা ভিক্ষু সংঘের সমীপে কঠিন চীবর প্রদান করেন।
উৎসবকে ঘিরে সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। দুপুরে কঠিন চীবর ও কল্পতরু নিয়ে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধমূর্তিদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর উৎসর্গ, পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ দান, মঙ্গল সূত্রপাঠ, কল্পতরু উৎসর্গ, ধর্ম দেশনা ও আকাশ প্রদীপ দান।
ধর্ম দেশনা দেন সংঘরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের, মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত পূণ্যজ্যোতি মহাথের এবং আনন্দ বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের। অনুষ্ঠানে লেক্ষ্যুং ছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বনজ্যোতি মহাথের, উদযাপন কমিটির ঈশ্বন্তর চাকমা ও সমির চাকমা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন স্রোতাপর্ণা চাকমা ও জ্যাসান চাকমা।
বৌদ্ধ ধর্মমতে, গৌতম বুদ্ধের সময় তাঁর প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রং করে কাপড় বুনে সেলাই করে বুদ্ধকে দান করেন। সেই ঐতিহাসিক প্রবর্তনার স্মৃতিতে প্রতিবছর সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় কঠিন চীবর দানোৎসব।








