স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩৫ কাঠুরিয়া হত্যাসহ পার্বত্যাঞ্চলের সকল গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের দাবি জানিয়ে শোকসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পাকুয়াখালী ট্রাজেডি দিবস উপলক্ষে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমি হলে আয়োজিত শোকসভায় এই দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজি জালোয়ার সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।
সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইব্রাহিম, যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইফতেখার সওকত প্রমুখ।
১৯৯৬ সালের এই দিনে লংগদু উপজেলার পাকুয়াখালী নামক গভীর স্থানে ৩৫ জন কাঠুরিয়াকে তৎকালীন শান্তিবাহিনী ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। এ হত্যাকাণ্ডের ২৯ বছর পার হলেও সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। বক্তারা পার্বত্য চট্টগ্রামে সকল বৈষম্য নিরসন এবং এ অঞ্চলকে নিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে লংগদুতে পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবিতে পিসিসিপি শোকসভা আয়োজন করেছে। মঙ্গলবার সকালে লংগদু উপজেলা কনফারেন্স কক্ষে শোকসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
শোকসভায় সহ-সভাপতি মোঃ আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস। বিশেষ অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ।








