স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
রাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী উচাইলা মারমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে রাঙ্গামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান এ রায় দেন। তবে দণ্ডিত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২ জুলাই দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বড়ডুলু পাড়ায় পরকীয়ার জেরে স্ত্রী নাইচাইউ মারমাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেন উচাইলা মারমা। একই গ্রামের মিনু মারমা নামের এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত দম্পতির দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই উষাথোয়াই মারমা কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়ার পর আসামি জেলে থাকলেও ২০১২ সালের ২৯ মার্চ জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়ে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২৫ বছর পর আসামির অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেন।








