স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পোশাক পরিবর্তন কক্ষ (ড্রেস চেঞ্জিং রুম) থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের অন্য নার্সরা প্রথম মরদেহটি দেখতে পান।
নিহত সাথী বড়ুয়া রাঙ্গামাটি শহরের দেবাশীষ নগর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাথী বড়ুয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নাইট ডিউটি শেষ করে শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় শরীর খারাপ লাগার কথা জানান। এরপর তিনি পোশাক পরিবর্তন কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় সহকর্মীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন,
“সাথী বড়ুয়া অসুস্থতার কারণে কিছুদিন আগে ছুটি নিয়েছিলেন এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুরের দিকে তার মৃত্যুর খবর পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক চাপে ভুগছিলেন।”
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান,
“নিহত সাথী বড়ুয়া বৃহস্পতিবার রাতেও নাইট ডিউটি করেছেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপের সময় শরীর খারাপ লাগার কথা বলেছিলেন। এরপর কিছুক্ষণের মধ্যেই এমন ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক মো. মোখলেছুর রহমান বলেন,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”








