স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৮ম সভা শনিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তিনি বোর্ডের সম্মানিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পর গত নয় মাসে বিশ্ববিদ্যালয়ের চলমান ও সম্পন্নকৃত গুরুত্বপূর্ণ স্থাপনা ও উদ্যোগ তুলে ধরেন।
সভায় রিজেন্ট বোর্ডের ৭ম সভা, একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা, অর্থ কমিটির ৭ম সভা এবং স্ট্যান্ডিং কমিটির (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়া শিক্ষক ও কর্মচারীদের আপগ্রেডেশন, চাকরি নিশ্চিতকরণ, ‘শিক্ষক চাকরি নিশ্চিতকরণ নীতিমালা-২০২৫’, ‘ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা-২০২৫’, দেশ-বিদেশে সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্স/ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য আর্থিক অনুদান নীতিমালা (সংশোধিত)-২০২৫, ‘গবেষণা নীতিমালা-২০২৫’, তদন্ত প্রতিবেদনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদিত হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান, বিভিন্ন বিভাগের পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্বরত ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি ও শিক্ষাছুটি অনুমোদনের বিষয়ে অবহিত করা হয়। সভায় রাবিপ্রবির ফটোগ্রাফি ক্লাবের গঠনতন্ত্র এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ইউনিট খোলার অনুমোদন দেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা যদি ‘ছ১ জার্নাল’-এ প্রকাশিত হয় তবে সংশ্লিষ্ট শিক্ষককে সম্মানী, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।
রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল, বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, চুয়েটের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউনুছ আহমেদ, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, রাবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব, রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম এবং রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (পারফরম্যান্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখা) উপসচিব বদরুল হাসান লিটন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইনমাস) চট্টগ্রামের পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন।








