স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা সহ নানা বৈষম্যের প্রতিবাদে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহরে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই হ্রদের নৌপথেও কোনো ধরনের নৌযান চলাচল করেনি। শহর থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও নৌপথে শান্তিপূর্ণ হরতাল করার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট। বুধবার বিকেলে জেলা শহরের একটি রেঁস্তোরায় কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে রাঙামাটিতে দু’দিনব্যাপী এ হরতালের ডাক দেওয়া হয়।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা সম্পর্কিত প্রজ্ঞাপনের নির্দেশনা না মেনে জেলা পরিষদ নিজস্ব আইনে ২১ নভেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করে। যা প্রচলিত আইন, সংবিধান ও অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নীতিমালার সাথে সাংঘর্ষিক। এর আগে আন্দোলনের মুখে এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পুনরায় আবারও আন্দোলনের মুখে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। যা ফের বন্ধের জন্য কোটা বিরোধী ঐক্যজোট এই হরতালের ডাক দেয়।








