,

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহত ছাত্রীর নাম রুবিনা আফছানা রিংকি (২৩)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে সিজক ছড়ার হাউজপাড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা নিহত হন।

সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম আচার্য্য দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থীর একটি দল কয়েকটি পর্যটকবাহী গাড়িতে সাজেক যাচ্ছিলেন। এর মধ্যে একটি গাড়িতে ১৩ জন ছিলেন। নিয়ন্ত্রণ হারানো গাড়িটিই দুর্ঘটনায় পতিত হয়। নিহত রুবিনার বাড়ি গাইবান্ধা জেলায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন শিক্ষকসহ ১২ জন ছাত্রী রয়েছেন। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত আহতদের উদ্ধার করে পুলিশ ভ্যান ও অন্যান্য গাড়িতে করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ