স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় স্বামীর জন্য ওষুধ আনতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম লতা মারমা (৩২)। তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের শামুকছড়ি গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বিলাইছড়ি উপজেলার কেরণছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লতা মারমা অসুস্থ স্বামীর জন্য ওষুধ আনতে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথে হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যান এবং তলিয়ে যান।
এ সময় নৌকায় তাঁর ভাশুরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি শিশু ছেলে ছিল। সে দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে এলাকাবাসী হ্রদে জাল ফেলে খোঁজ শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় জেলেদের জালে লতা মারমার নিথর দেহ উঠে আসে।
তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর লতার স্বামী মিলন কান্তি চাকমা ও শ্বশুর সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।
কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরন মারমা বলেন, “লতা মারমা সকালে স্বামীর জন্য ওষুধ আনতে বাজারে যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত কেরণছড়ি এলাকায় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। এ ঘটনা পুরো এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।”








