শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ দিন পর কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধ হলো

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

কাপ্তাই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। ফলে টানা সাত দিন পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় সকাল ৮টা থেকে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হ্রদে পানির পরিমাণ ১০৭ দশমিক ৫ ফুট মীন সি লেভেল। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করে সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এর আগে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত ৪ আগস্ট দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ১৬টি জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। এরপর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ৫ আগস্ট রাত ১১টা থেকে জলকপাট দেড় ফুট, ৬ আগস্ট দুপুর ১টা থেকে আড়াই ফুট, একইদিন রাত ১১টা থেকে তিন ফুট এবং ৭ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে তিন ফুট খুলে দিয়ে সর্বোচ্চ সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল।

এটি ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পানিছাড়ার রেকর্ড। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বোচ্চ ২৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ