রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ করে এলাকায় প্রশংসার ঝড় তুলেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের হাতে গরুর মাংস পৌঁছে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজ হাতে মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
মাংস বিতরণের সময় রায়হান জামিল বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে ঈদ বা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।’’

তার এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই জানান, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রায়হান জামিল ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিতরণের খবরে সরগরম ছিলেন। ওই সময় পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে স্বেচ্ছাসেবকদের রেখে তিনি স্থান ত্যাগ করেন।








