গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন দেওয়া বাসটির নাম ভিআইপি পরিবহন, যা জয়দেবপুর মাঝিরখোলা থেকে ঢাকা নিউমার্কেট রুটে চলাচল করত।
ঘটনার পরপরই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বলেন, “ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের সিটসহ ভেতরের অনেক অংশ পুড়ে যায়।”
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের স্টেশনের পাশেই এ ঘটনা ঘটায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ আগুন লাগার সময় বাসে কেউ ছিল না।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই বাসটিতে আগুন দেওয়া হয়েছিল।








