পথে প্রান্তরে ডেস্ক
গাজীপুর শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা এলাকায় র্যাবের গাড়ি অবরুদ্ধ করে তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেন, মোশারফ নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করার সময় তাকে র্যাব অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল। এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী র্যাবের গাড়ি ঘিরে ফেলে।
খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটকে রাখা হয়। পরে র্যাবের একাধিক গাড়ি ঘটনাস্থলে গেলে তারা রোষানলে পড়েন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে কৌশল অবলম্বন করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করেন এবং কয়েকজনকে আটক করে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে এলাকাবাসীর তাণ্ডব বরমী এলাকা আতঙ্কগ্রস্ত করে তোলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে র্যাবের একটি দল মোশারফকে আটক করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
এ সময় এলাকাবাসীর অভিযোগ, আটক ব্যক্তিকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা র্যাবের গাড়ি ঘিরে ধরে দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ রাখে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দেন এবং অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হন। এ সময় ১০–১২ জনকে আটক করে র্যাবের গাড়িতে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে র্যাব বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








