আরিফ হোসেন হারিছ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি একতলা বাড়ির ছাদের পাশের আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় সাদা ও বেগুনি রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকার রানা শেখের একতলা বাড়ির ছাদের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রফিক শেখ (৬০) ওই এলাকার বাসিন্দা। তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রফিক শেখ মাসে দশ হাজার টাকা বেতনে পাশের রানা শেখের বাড়ি দেখাশোনার কাজ করতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি ঘর থেকে বের হন। ভোর রাত ৪টার দিকে ঘরে না ফেরায় তার মেয়ে খুঁজতে বের হয়ে দেখতে পান, রানার বাড়ির একতলা ছাদের পেছনে আমগাছের ডালে বাবার ঝুলন্ত মরদেহ। এসময় মরদেহের দুই হাত বাঁধা ছিল। মেয়ে চিৎকার দিলে নিহতের দুই ছেলেসহ স্থানীয়রা ছুটে এসে দড়ি কেটে মরদেহ নামান। তবে ততক্ষণে রফিক শেখ মারা গেছেন। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, “দুই হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় শুক্রবার বেলা ১২টা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।








