আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইমাম ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সিরাজদিখানে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৫ অক্টোবর) উপজেলার মারকায মসজিদে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সিরাজদিখান শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং মাওলানা আবু শাহাদাত খান ও মুফতি মাহমুদ জহির কাসেমীর যৌথ সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক ও খতমে নবুওয়ত মুভমেন্টের আমির মুফতি শুয়াইব ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী ও অর্থ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ।
সম্মেলনে আগামী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, খতিব, আলেম-উলামা ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।








