পথে প্রান্তরে ডেস্ক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে নতুন বউ ঘরে তুলেছেন এক স্বামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে কামাল হোসেন নামের এক সার্ভেয়ারের জীবনে এমন ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয়েছিল সাথী আক্তার নামে এক নারীর। তাদের দুই সন্তান রয়েছে।
গত ১০ আগস্ট দুই শিশুসন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী আক্তার। পরে কামাল জানতে পারেন, সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এ পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে তিনি নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে কামাল হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে। সেখান থেকে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে আসেন।
এ বিষয়ে কামাল হোসেন বলেন, “আমার আর্থিক অবস্থার কোনো অভাব ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো। গত আগস্টে সাবেক স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি, মুন্না নামের এক ছেলের সঙ্গে চলে গেছে। তাকে আনতে গেলে জানায়, আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে। তারপরও ফিরিয়ে আনতে চাইলে পুলিশ দিয়ে আমাকে হয়রানি করে।”
তিনি আরও বলেন, “তখন আমি নতুন বিয়ের সিদ্ধান্ত নেই। সব জেনেশুনে আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়। তাই তাকে চমক দিতে হেলিকপ্টার ভাড়া করে বউ নিয়ে এসেছি।”








