রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরোধপূর্ণ সম্পত্তিতে গেইট নির্মাণ ও ভিটি পাকাকরণকে কেন্দ্র করে মারামারি আহত ৮

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিরোধপূর্ণ সম্পত্তিতে গেট নির্মাণ ও ভিটি পাকাকরণকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর মনিপাড়া মধুপুর পঞ্চায়েত কমিটির মন্দিরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানগর মৌজার আরএস ১০৪ দাগের এক একর ৫২ শতক জমির মধ্যে ২৭ শতক নিয়ে চঞ্চল গংদের সঙ্গে মন্দির কমিটির দীর্ঘদিনের বিরোধ চলছে। ওই জমিতে একটি মন্দির রয়েছে। সম্প্রতি সেখানে গেট নির্মাণ ও ভিটি পাকাকরণের কাজ চলছিল। এসময় চঞ্চল (৪৫), পিতা মৃত মতি মিয়ার পক্ষ বাধা দিলে মারামারির ঘটনা ঘটে।

আরও জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মধুপুর পঞ্চায়েত কমিটির মন্দিরে উভয়পক্ষকে নিয়ে বৈঠক হয়। তখন তাদের আদালতের আশ্রয় নিতে বলা হয় এবং বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো স্থায়ী কাঠামো নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হয়।

আহত চঞ্চলের চাচাতো ভাই মো. নাসিরউদ্দিন (৫৯) বলেন, “এ সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের। তাদের কোনো কাগজপত্র নেই। এ নিয়ে কয়েকবার বসা হলেও সমাধান হয়নি। গত ফেব্রুয়ারিতে ইউএনও স্যারও আমাদের আদালতে যেতে বলেছেন এবং সমাধান না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্মাণ কাজ না করার নির্দেশ দিয়েছেন।”

মধুপুর পঞ্চায়েত কমিটির মন্দিরের সাধারণ সম্পাদক ধীরেন দাস বলেন, “আমি থানা পুলিশের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের মিটিংয়ে ছিলাম। এসময় ফোনে জানতে পারি আমাদের মন্দিরে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবকে জানাই, তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ