মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। মোট ৭টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ পদে হয় হাড্ডাহাড্ডি লড়াই।
নির্বাচনে সভাপতি পদে ১৪টি ভোট পেয়ে জয়লাভ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পান ১০টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আনিসুর রহমান রলিন।
বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কে. এম. সাইফুল্লাহ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গণে ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—দপ্তর সম্পাদক মো. লিটন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান এবং কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় সুমন হোসেন ও সালমান হাসান নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।








