মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সদস্যবৃন্দ।
সভাপতি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এরপর সদস্য সচিব বিগত ২৮ জুলাইয়ের সভার কার্যবিবরণী পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, অনেক ব্যাংক এখনো তাদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি। তাই দ্রুত লক্ষ্যমাত্রা প্রদান ও চলতি অর্থবছরের তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে এবং আলাদা তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির নতুন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি প্রকৃত কৃষক যাচাই করে ঋণ বিতরণের পরামর্শ দেন।
সভায় আরও বলা হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ ঋণ বিতরণ ও আদায়ে ব্যাংকগুলোকে আরও সচেষ্ট হতে হবে। এ ক্ষেত্রে সকলকে একনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
সভাপতি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, “কৃষি খাতে ঋণ বিতরণের যথেষ্ট সুযোগ থাকলেও বাস্তবে তা হতাশাজনক। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ ঋণ বিতরণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও সার্টিফিকেট মামলার দ্রুত নিষ্পত্তির প্রতি গুরুত্বারোপ করে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে তা সমাধানের নির্দেশ দেন। পাশাপাশি নিষ্পত্তিযোগ্য মামলার তালিকা তৈরি করে দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
সভায় উপস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মাসিক সভায় নিয়মিত অংশগ্রহণ ও প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিবের কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
অন্যান্য কোনো আলোচনা না থাকায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








