আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার আনসার সদস্যদের পূজা মণ্ডপগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
চলতি বছরের শারদীয় দুর্গাপূজা ২২ সেপ্টেম্বর (সোমবার) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার।
ইউএনও শাহিনা আক্তার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালন, পূজা মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং সকলের সার্বিক নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান জানান। এছাড়া, প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।








