আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ২ জন চোরাই মোটরসাইকেলসহ, ৩ জন মাদকসহ এবং ৪ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১০ ও ১১ অক্টোবর উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকা থেকে রাজু আহমেদ (৫০)-এর কাছ থেকে ৫ পিস ইয়াবা, বালুরচরের চর পানিয়া এলাকা থেকে দেলোয়ার হোসেন (৩৭)-এর কাছ থেকে ১৪০ পিস ইয়াবা, রশুনিয়ার সন্তোষপাড়া উপজেলা ভূমি অফিসের পূর্ব পাশের গেটের সামনে থেকে মো. ইলিয়াছ ওরফে বুলু (৩০)-এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে বাসাইল ইউনিয়নের সতুরচর এলাকা থেকে দেলোয়ার হোসেন (২০) ও জোবায়ের শেখ (২২)-এর কাছ থেকে একটি ওয়ালটন ফিউশন ১১০ সিসি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান, “সাম্প্রতিক অভিযানে আমরা মাদক, চোরাই মোটরসাইকেল ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”








