আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাউসার খান হত্যাকারী আগ্নেয়াস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান অপু, রোমান মাঝি, শরিফ হাওলাদার ও হাসানদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাসাইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ পরিষদসংলগ্ন সিরাজদিখান-নিমতলা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইমামগঞ্জ বাজার থেকে “বিচার চাই, ফাঁসি চাই” স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামীণ ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য দেন সাবেক মেম্বার জামাল হাওলাদার, সেরু হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী হাবু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিহতের মা রিয়া খানম বলেন, “যারা আমার সন্তানকে হত্যা করেছে, তারা ধর্ষণকারী, সন্ত্রাসী ও খুনি। কেন তাদের প্রশাসন গ্রেফতার করছে না? এভাবে কি ঘরে ঘরে মায়ের বুক খালি হবে? আমি ন্যায়বিচার চাই। সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া হোক।”
মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবৈধ ড্রেজার ব্যবসা ও বালুবাহী বাল্কহেড চলাচলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় অহিদুল শিকদার (৪০), কাইয়ুম খান (৪৪) ও কাউসার খান (২০) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাউসার খান।









