সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চর বয়রাগাদী গ্রামের ৩২ শতাংশ জমি আদালতে মামলা চলাকালীন বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন (৫০) ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আঃ সাত্তার (৬৫) এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভুমি এবং সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আঃ সাত্তার পৈত্রিক সূত্রে ওই জমির মালিক এবং শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ২৩ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০টার দিকে গিয়াস উদ্দিনের গোষ্ঠী জমিতে জোরপূর্বক প্রবেশ করে সরকারি সাইনবোর্ড ভেঙে নতুন সাইনবোর্ড দিয়ে বালু ভরাট শুরু করে। আঃ সাত্তার বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে এবং খুন-জখমের হুমকি দেয়।

গিয়াস উদ্দিনের বক্তব্য নেওয়া যায়নি। বালুচর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. মোক্তার হোসেন গাজী জানান, উপজেলা সহকারী কমিশনার ভুমির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করানো হয়েছে।
সিরাজদিখান থানার এসআই নোমান সিদ্দিক বলেন, “জমি সংক্রান্ত বিষয় আদালতের বিচারাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।”








