আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য দিনব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত আব্দুল মান্নান মাদবরের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দীনেশচন্দ্র মন্ডলের তত্ত্বাবধানে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন এমও ডা. দ্বীপ্তি দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক মো. এন. ইসলাম ও মনজু আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. বিল্লাল হোসেন, সদস্য কবিতা রানী সিকদার, স্বাস্থ্য সহকারী নাছিমা আক্তার ও মর্জিনা আক্তার, সিএইচসিপি সামসুনাহার, এস.এস.এন সায়মা আক্তার ও রোমানা দাস এবং মিডওয়াইফ পারভীন আক্তার।
এ ক্যাম্পেইনে উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের নতুন ভাষানচর, পুরান ভাষানচর, নতুনচর, কংশপুরা, রামানন্দন, মোল্লাকান্দী বালুচর, খাসমহল বালুচর, খাসনগর, আকবরনগর ও কালীনগর গ্রামের মোট ২৩৭ জন নারী জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য ফ্রি সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৪ জনের পজিটিভ ফলাফল পাওয়া যায়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন ডা. দ্বীপ্তি দেবনাথ।
চিকিৎসকরা জানান, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার একটি মারাত্মক ঘাতক ব্যাধি। তবে প্রাথমিক পর্যায়ে এ ক্যান্সার শনাক্ত করতে পারলে অধিকাংশ রোগীর জীবন রক্ষা করা সম্ভব। সোমবারের ক্যাম্পেইনের মাধ্যমে প্রমাণ হয়েছে সচেতনতা ও প্রাথমিক সনাক্তকরণ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।








