আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসার শিক্ষক ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে উপজেলা এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কমিউনিটি লিডার, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় জানানো হয়, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। দূষিত পানি, খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ এ রোগের প্রধান কারণ। বিশেষ করে শিশু-কিশোররা টাইফয়েডে বেশি আক্রান্ত হয়। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পায় এবং টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়।

ডা. জামসেদ ফরিদী জানান, টিকা কার্যক্রম সফল করতে ইতোমধ্যেই সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও পরীক্ষিত। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সময়মতো টিকা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা।








