আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গেলে বাজারের এক সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত করে আহত করেছে ডাকাতরা।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ৭–৮ জন অজ্ঞাতনামা ডাকাত দল নিমতলা বাজারের নিউ মায়ের দোয়া আইপিএস ব্যাটারির দোকান লক্ষ্য করে এই ডাকাতি চালায়।
দোকান মালিক নজরুল ইসলাম (৪০) জানান, তার দোকান থেকে প্রায় ১৭০টি নতুন ও পুরাতন ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাতরা। এতে প্রায় ১০–১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নজরুল ইসলাম আরও জানান, বাজারের সিকিউরিটি গার্ড খলিলুর রহমান বুলু (৪০) বাধা দিলে ডাকাতরা তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং তদন্ত চলছে। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”








