আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলাল, তিনি মুন্সীগঞ্জের জাদুরচর গ্রামের মোহাম্মদ নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নির্দেশনায় এসআই রাকিবুল ইসলাম নেতৃত্বে একটি দল রাজধানীর সাভার এলাকায় অভিযান চালিয়ে আলালকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “চালতিপাড়া গ্রামে আমিন মোহাম্মদ গ্রুপের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘটিত দস্যুতার ঘটনায় আলাল জড়িত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামে অবস্থিত আমিন মোহাম্মদ গ্রুপের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর (মূলফৎগঞ্জ) গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে ও দক্ষিণ আফ্রিকাপ্রবাসী রুবেল ঢালী (৩৬) বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলালকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








