,

সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন সুপারভাইজারকে গুলি

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর সুপারভাইজার জুনায়েদ সরদার (২৩)কে তিন দুষ্কৃতিকারী গুলি করে গুরুতর আহত করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নিমতলা থেকে সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

আহত জুনায়েদ সরদার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছাতির মসজিদ এলাকার জুয়েল সরকারের ছেলে। তিনি কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকালেও রুটিন মতো জুনায়েদ তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিল। বিক্রমপুর মডেল টাউন অফিস থেকে প্রায় ৩শ গজ দূরে চর বিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিনজন দুষ্কৃতকারী তার দিকে লক্ষ্য করে তিনটি গুলি ছুঁড়ে। একটি গুলি কোমরে লাগে, আর দুইটি পায়ে লেগে দুষ্কৃতকারীরা দ্রুত সরে যায়। স্থানীয়রা আহতকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নিয়ে যান, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন, “সকালে অফিসে থাকাকালীন এলাকার মাধ্যমে জানতে পারি যে আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী জানান, “সুপারভাইজার জুনায়েদের একটি গুলি কোমরে এবং দুটি গুলি পায়ে লেগেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। ব্যক্তিগতভাবে তার কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন; তাদের সঙ্গে কথা বললে জানা যাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না।”

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। জানা গেছে, জুনায়েদ সরদার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। একটি গুলি কোমরে এবং দু’টি পায়ে লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোম্পানির আভ্যন্তরিন কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ