আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠানামা করার দায়ে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন যানবাহন চালককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা মোড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ধারা লঙ্ঘনের দায়ে ৫ জন চালককে ৯০ ধারায় মোট ৬ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী (বালু, ইট) পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১ নম্বর বিধি লঙ্ঘনের অভিযোগে ৬ জন চালককে ১৭ নম্বর বিধি অনুযায়ী মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী চালক ও সাধারণ জনগণকে সড়ক পরিবহন আইন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার নিয়মাবলী সম্পর্কে অবহিত করেন এবং তা কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, “জনস্বার্থে উপজেলা প্রশাসন, সিরাজদিখানের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।








