নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।
প্রতিবেশী সবিনয় দাস জানান, পরিবারটি বাড়িটির নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।








