বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিন্ডিকেটের দাপটে অ্যাম্বুলেন্স আটকা, নবজাতকের মৃত্যু

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ৪০ মিনিট আটকে রাখায় ভেতরে থাকা অসুস্থ এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটকে দায়ী করছে শিশুটির পরিবার। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের নিউ মেট্রো ক্লিনিকের সংলগ্ন এলাকায়।

রোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম প্রসব বেদনা শুরু হলে দুপুরে তাকে জেলার নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল।

চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। ৫ হাজার টাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। সন্ধ্যায় যাত্রা শুরু করলে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়িটির গতিরোধ করেন। তারা ঢাকার ট্রিপ কেবল তাদের সিন্ডিকেটের গাড়িতেই যাবে বলে জোরাজুরি করেন।

একপর্যায়ে তারা চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে তাকে মারধর করেন। রোগীর স্বজনরা বাধা দিলে তাদেরও লাঞ্ছিত করা হয়। প্রায় ৪০ মিনিট আটকে রাখার পর অ্যাম্বুলেন্সটি ছাড়তে দেওয়া হয়, কিন্তু ততক্ষণে নবজাতকটি মারা যায়।

শিশুটির নানি সেফালী বেগম অভিযোগ করে বলেন,
“আমার নাতিকে ঢাকায় নিতে পারলে হয়তো বাঁচানো যেত। ওরা অক্সিজেন খুলে দিয়ে আমাদের আটকে রেখেছিল। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অ্যাম্বুলেন্স চালক মো. মোশারফ মিয়া জানান, রোগীর অবস্থা গুরুতর জানালেও সিন্ডিকেট সদস্যরা গাড়ি ছাড়েনি এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

পালং মডেল থানা পুলিশের ওসি হেলাল উদ্দিন বলেন,
“অভিযোগ পেলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ