শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

“আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই” : কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আমরা আওয়ামী লীগ চাই না, আমরা জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন, যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশের বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা তাদের পাশে আছি।”

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকেও তেমনই গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তিনি আমাদের চেয়ে অনেক বড়। আমি যদি কালুরঘাট বেতরে বক্তৃতা দিতাম, তাতেও তার সমান হতাম না।”

তিনি আরও বলেন, “যুদ্ধের সময় মানুষ মিলিটারিদের খোঁজে ছিল, তাদের বক্তব্য শুনতে চেয়েছিল। আমাদের নেতাদের অনেকেই বক্তৃতা করেছেন, তবে তাদের ধরা যায়নি। মিলিটারিদের বক্তব্য মানুষকে উৎসাহিত করেছে এবং সাহস যোগিয়েছে। এজন্যই তিনি শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।”

কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনা যতদিন ছিলেন, তারেক রহমানের কথাও আমার পছন্দ হতো না। তবে শেখ হাসিনা চলে যাওয়ার পর, তারেক রহমানের কথাও আমি অপছন্দ করতে পারছি না। সবই এখন পছন্দ হচ্ছে, আমি কী করি?”

সভায় কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব ও যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ