মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “একেকজন একেক কথা বলে পত্রিকা বা চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে এবং দেশের অর্থনীতিকে নিয়ে। অন্য কোনো বিষয় নিয়ে রাজনীতি করার সুযোগ শেষ হয়ে গেছে। ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার শিক্ষাই হলো জাতির সাথে প্রতারণা না করা। আমরা এখনও জাতির সঙ্গে প্রতারণা করছি।”
২০ আগস্ট, বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “৩০০ আসনে একটি দল এক বছর আগে নমিনেশন দিয়ে ফেলেছে। এখনও তারা পিআরের কথা বলছে। তোমরা পিআরের কথা বলে আবার ৩০০ আসনে নমিনেশন দাও। পিআরের কথা বললে কোনো আসনে নমিনেশন দেওয়া উচিত নয়। কাজেই জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে। আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না।”
আযম খান আরও বলেন, “আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি বর্তমান অনিশ্চয়তার কারণে। যখন দেশ নির্বাচনের পথে যাবে, তখন সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে উঠবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। সকল মানুষ তখন আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করবে। যত দেরি হবে, পরিস্থিতি ততই খারাপ হবে। আমি মনে করি, সরকার এটি বুঝতে পেরেছে এবং নির্বাচনের পথে এগোচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর ছবুর খান চানু, বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানশূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।








