মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ অর্থায়নে মসজিদে যাতায়াতের রাস্তা মেরামত করে প্রশংসা কুড়িয়েছেন হায়দার প্রামাণিক নামে বিএনপির এক নেতা। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থলকাশি কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তাটি প্রায় দেড় যুগ ধরে অযত্ন-অবহেলায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মুসুল্লি, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হতো।
এ অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে হায়দার প্রামাণিক নিজের অর্থায়নে প্রায় ১০০ মিটার রাস্তা মাটি ফেলে মেরামত করে দেন। এতে মুসুল্লিসহ এলাকাবাসী স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের ও সাদ্দামসহ অনেকে জানান, বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে মসজিদ, স্কুল ও মাদরাসায় যাতায়াত করা অত্যন্ত কষ্টকর ছিল। একাধিকবার জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। পরে বিষয়টি হায়দার প্রামাণিককে জানালে তিনি তাৎক্ষণিক রাস্তায় বালু ফেলে মেরামতের উদ্যোগ নেন।
বিএনপি নেতা হায়দার প্রামাণিক বলেন, “মসজিদে যাওয়ার এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল, বিকল্প কোনো পথও ছিল না। এলাকাবাসী বিষয়টি জানালে আমি তাৎক্ষণিক রাস্তায় মাটি ফেলে মেরামত করি। এখনও কিছু অংশ বাকি আছে, শিগগিরই সেটিও মেরামত করে দেব।”








