শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরাম (সিআরএফটি)। সংগঠনের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধক ছিলেন প্রবীণ সাংবাদিক ও টাঙ্গাইল আইন কলেজের অধ্যক্ষ খাল মোহাম্মদ খালেদ।

আলোচনায় মুখ্য বক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন বলেন, “যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে সহস্রাধিক ছাত্র-জনতা শহীদ হয়েছিলেন, সে স্বপ্ন এখনো পূরণ হয়নি। সমাজে এখনো ঘুষ-দুর্নীতি চলছে, সরকারি অফিস-আদালতে সাধারণ মানুষের হয়রানি কমেনি, প্রভাবশালীরা জমি দখল করছে, চাঁদাবাজিও বন্ধ হয়নি।”

সভায় বক্তব্য রাখেন— জুলাই যোদ্ধা ও লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাসিম এম খান রুনু, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মীর ফরহাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সমন্বয়ক আজাদ খান ভাসানী এবং জুলাই যোদ্ধা ফাতেমা রহমান বিথি।

বক্তারা বলেন, “স্বৈরশাসকের বিদায় হয়েছে, তবে তাদের দোসররা এখনো প্রশাসন থেকে শুরু করে সমাজের নানা স্তরে ঘাপটি মেরে আছে। ফ্যাসিবাদের পতন ঘটাতে যে বিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লব এখনো চলছে এবং আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার সংগ্রাম অব্যাহত থাকবে।”

শেষে টাঙ্গাইলের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআরএফটির সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ