মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ দুয়ারী চায়না জাল জব্দের পর উপজেলা প্রশাসন তা পুড়িয়ে ধ্বংস করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বইল্লা বিলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু সাঈদ।
ইউএনও মো: আবু সাঈদ জানান, উপজেলার বইল্লা বিলে অবৈধ দুয়ারী চায়না জাল ব্যবহার করে দেশীয় মাছের পোনা ও অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: আতিয়ার রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও মো: আবু সাঈদ আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








