সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের জানাজা ও দাফন সম্পন্ন

মাহবুবুর রহমান ডিপটি।। স্টাফ রিপোর্টার

বর্ষীয়ান রাজনীতিক, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বিদ্যালয় মাঠে বাদ জোহর জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাবসহ জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আপামর জনসাধারণ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

২০ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সোমবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেলদুয়ারে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে টাঙ্গাইল শহরের নিজ বাসায় ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিএনপির এই প্রবীণ রাজনীতিক টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে নানা মহলে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ