মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন এবং বিআরডিবি’র চেয়ারম্যান আহাম্মদ হোসেন রানা।
এছাড়া উপজেলার মৎস্যজীবী ও সুবিধাভোগীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দু’জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয় এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।








