শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সখীপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, নিঃস্ব বৃদ্ধ সাকিম উদ্দিন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকায় ২৪ সেপ্টেম্বর ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বৃদ্ধ সাকিম উদ্দিনের (৬৫) মনোহারী দোকান। জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

ফ্রিজ, টিভি, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দোকানের সব মালামাল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে জানান দোকান মালিক।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৪টার দিকে দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন সবকিছু গ্রাস করে নেয়।

দোকানের মালিক সাকিম উদ্দিন বলেন, “দুটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলাম। প্রতি সপ্তাহে চার হাজার টাকা কিস্তি দিতে হয়। দোকান পুড়ে যাওয়ায় এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে, কিস্তি শোধ তো দূরের কথা।”

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, “এই দোকানের আয় দিয়েই সাকিম উদ্দিন তার পরিবার চালাতেন। দোকান পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।”

সখীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, তাদের পৌঁছানোর আগেই দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ সাকিম উদ্দিন। স্থানীয়দের মতে, সহানুভূতিশীল ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা না করলে তার পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ