সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধের প্রতিবাদে ও পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া চৌরাস্তায় স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া সিএনজি চালকরা বলেন, এ রাস্তায় আমাদের জনদুর্ভোগের শেষ নেই। গত কয়েক মাস ধরে রাস্তায় যাত্রী নামিয়ে দিয়ে, লোকজন দিয়ে ধাক্কা দিয়ে গাড়ি পারাপার করতে হতো। এ সড়ক দিয়ে টাঙ্গাইলের কয়েকটি উপজেলার মানুষ ভালুকা ও ময়মনসিংহে যাতায়াত করেন।

গতকাল রবিবার (৫ অক্টোবর) লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীরের নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছিল। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে সড়ক ও জনপথ বিভাগ নোটিশের মাধ্যমে কাজটি বন্ধ করে দেয়। এতে সড়কটিতে চলাচলকারী চালক ও পথচারীদের ভোগান্তি আরও বেড়ে গেছে। জনদুর্ভোগ বিবেচনায় এ রাস্তার সংস্কার কাজ পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের নিজস্ব অর্থায়নে সম্প্রতি সখীপুর-কচুয়া সড়কের মিলপাড়, সখীপুর-গোড়াই সড়কের হাসপাতাল গেট, শালগ্রামপুর সড়কসহ বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল।








