সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
শাজাহান সাজুকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে নাজিম মাস্টার বলেন, ঠিক কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা তা বলতে পারব না। হয়তো গোয়েন্দা সংস্থার লোকেরা কেন্দ্রে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। সে কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে বিএনপির একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বিএনপির একাধিক নেতা-কর্মী অপকর্মের সঙ্গে জড়িত—এমন অভিযোগ উঠেছিল। এসব নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপি তদন্ত চালায়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
সখীপুর উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সাধারণ মানুষের পাশাপাশি খোদ বিএনপির নেতা-কর্মীরাও শাজাহান সাজুর ওপর বিরক্ত হয়ে পড়েছেন। তার কারণে সখীপুরে বিএনপির ভোটও নষ্ট হয়েছে।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শাজাহান সাজুকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শাজাহান সাজু বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি তিনি এখনো পাননি।








