মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কুখ্যাত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও ও তার সহোদর ভাই ইমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল গয়হাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের সহযোগী হিসেবে আলী আজগরের ছেলে আমিনুর রহমান এবং একই গ্রামের পলাশকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অমিও ও ইমনের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলা রয়েছে। অমিওর বিরুদ্ধে মারধর, নারী নির্যাতনসহ মোট ৪টি মামলা চলমান রয়েছে। এছাড়া ইমনের বিরুদ্ধেও চলতি বছরের ২ আগস্ট একটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ছত্রছায়ায় অমিও ও ইমনের নেতৃত্বে ‘বেজি গ্রুপ’ গড়ে ওঠে। এই গ্রুপ চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দখল, ভয়ভীতি প্রদর্শন, মাস্তানি, মারপিট, যৌন পীড়নসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় এই গ্রুপ সরাসরি হামলায় অংশ নেয় বলেও অভিযোগ রয়েছে।
সরকার পতনের পর থেকে অমিও ও ইমন পলাতক ছিল। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে তাদের আটক করা সম্ভব হয়।
গ্রেফতারের পর আসামিদের প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে নাগরপুর থানা পুলিশ।








