ব্যুরো চীফ, খুলনা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা আবারও আন্দোলনে নেমেছেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। কুয়েট শিক্ষক সমিতির ডাকে এ কর্মসূচী পালিত হয়।
শিক্ষকরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া শিক্ষক লাঞ্ছনের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির দেওয়া তিন সপ্তাহের সময় অতিবাহিত হলেও ভাইস-চ্যান্সেলর কোনো পদক্ষেপ নেননি। এই কারণে আগামীকাল ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় কুয়েট প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে।
শিক্ষক সমিতির নেতারা আরও জানান, আগামী ২৬ আগস্টের মধ্যে তাদের দাবিসমূহ পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।








